ঠাকুরগাঁওয়ে চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ২
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ সময়: ০৩:১৭:২৭
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে চতুর্থ শ্রেণির সাতাশটি শূন্য পদে কর্মচারী নিয়োগের বিপরীতে আট হাজার আবেদন জমা পরে এবং শুক্রবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অনিয়মের অভিযোগে, প্রক্সি প্রদান ও নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে দুই পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত তদারকি টিমের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে একজন প্রক্সি প্রদানকারী এবং অপর একজনকে ইলেকট্রনিক ডিভাইসসহ হাতেনাতে আটক করা হয়।
আটক প্রক্সি প্রদানকারী হলো, দিনাজপুরের বোচাগঞ্জ থানার পশ্চিমপাড়া গ্রামের মইনুদ্দিনের ছেলে মো. আলম (৩০)। অন্য আরেক জন পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়।
অপরদিকে, নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস সহ আটক হয় ঠাকুরগাঁও সদর থানার পুরাতন ঠাকুরগাঁও এলাকার আনসার ইসলামের ছেলে মো.আসাদ আলী (২৫)। পরীক্ষা চলাকালীন সময় তার কাছে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি প্রদানকারী মো. আলমকে ১৫ দিনের কারাদণ্ড এবং ইলেকট্রনিক ডিভাইস বহনকারী মো. আসাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক।
এ বিষয়ে তিনি বলেন, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
No Comment Yet