রাশেদের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ সময়: ০২:২৫:১৫
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে তাকে দলের মনোনয়ন দেওয়া হবে। একই সঙ্গে তিনি ওই আসনের বিএনপির সব নেতাকর্মীকে রাশেদ খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় রাজপথে সহযোদ্ধা হিসেবে আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এই সময়ে তার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
বিজ্ঞাপন
anjara world
পদত্যাগপত্রে রাশেদ খান আরও লেখেন, দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের বিষয়ে সম্মতি দেওয়ায় তিনি দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যক্তিগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং সাবেক সহযোদ্ধাদের সঙ্গে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ থাকবে বলে আশা প্রকাশ করেন।
No Comment Yet