ফোন চুরি বা হারালে আইএমইআই নম্বর দিয়ে ডিভাইস যেভাবে ট্র্যাক করবেন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ সময়: ২১:৫৮:৩৭
বর্তমান সময়ে স্মার্টফোন হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অন্যতম অপরিহার্য অনুষঙ্গ। যোগাযোগের পাশাপাশি ব্যাংকিং, সামাজিক যোগাযোগমাধ্যম ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সংরক্ষণে ফোনের ব্যবহার বাড়ায় ফোন হারানো বা চুরি হলে আর্থিক ক্ষতির পাশাপাশি তথ্য নিরাপত্তার ঝুঁকিও তৈরি হয়। এ পরিস্থিতিতে ডিভাইস শনাক্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আইএমইআই (International Mobile Equipment Identity) নম্বর।
আইএমইআই হলো ১৫ অঙ্কের একটি ইউনিক নম্বর, যা প্রতিটি মোবাইল ফোনের জন্য আলাদা। এই নম্বরের মাধ্যমে নির্দিষ্ট একটি ডিভাইস শনাক্ত করা সম্ভব। ফোন হারালে বা চুরি হলে পুলিশ কিংবা মোবাইল অপারেটরকে আইএমইআই নম্বর সরবরাহ করলে ডিভাইসটি ট্র্যাক করা বা ব্লক করা যায়। এতে ফোনটি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, আইএমইআই নম্বর জানার সবচেয়ে সহজ উপায় হলো ফোনে *#06# ডায়াল করা। সঙ্গে সঙ্গে স্ক্রিনে আইএমইআই নম্বর প্রদর্শিত হবে। ডুয়াল সিম ফোনে একাধিক নম্বরও দেখা যেতে পারে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস থেকে Settings → About Phone → Status → IMEI Information অপশনে গিয়ে নম্বর দেখতে পারেন। ব্র্যান্ডভেদে অপশনের নাম ভিন্ন হলেও সাধারণত ‘অ্যাবাউট ফোন’ সেকশনে আইএমইআই তথ্য পাওয়া যায়। অনেক ক্ষেত্রে ফোনের পেছনের কভার বা সিম ট্রের গায়েও নম্বরটি লেখা থাকে।
আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে Settings → General → About অপশনে গেলে আইএমইআই নম্বর পাওয়া যায়। পুরোনো আইফোন মডেলে সিম ট্রের গায়েও এই নম্বর খোদাই করা থাকে।
বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card
ফোন চুরি বা হারানোর পর দ্রুত আইএমইআই নম্বর সরবরাহ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডিভাইসটি ব্লক করতে পারে, ফলে অবৈধভাবে ব্যবহার করা সম্ভব হয় না। একই সঙ্গে নকল বা অবৈধ ডিভাইস শনাক্ত করতেও এই নম্বর ব্যবহৃত হয়।
তবে নিরাপত্তার স্বার্থে আইএমইআই নম্বর কখনো অচেনা বা অবিশ্বস্ত কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে দ্রুত ব্যবহারের জন্য নম্বরটি কাগজে লিখে রাখা বা নিরাপদ কোনো ডিজিটাল নোটে সংরক্ষণ করাই সবচেয়ে ভালো।
No Comment Yet