চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বহাল থাকবে, কোন গ্রেডে কত?
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ সময়: ০৬:১৪:৫০
পে স্কেল ঘোষণার ক্ষেত্রে দীর্ঘ অনিশ্চয়তার মধ্যেও সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা পেতে থাকবেন।
অন্তর্বর্তী সরকার স্পষ্ট করেছে, বর্তমান বিধি অনুযায়ী সরকারি কর্মচারীরা ভাতা পাবেন। এর মধ্যে, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা ১৫ শতাংশ হারে, আর দশম থেকে ২০ গ্রেডের কর্মচারীরা ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
অর্থনৈতিক সংকট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই। তবে পে কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়নি। কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, একটি পূর্ণাঙ্গ বেতন কাঠামোর রিপোর্ট প্রস্তুত করতে যা নির্বাচন পরবর্তী সরকারের হাতে হস্তান্তর করা হবে।
বেতন কাঠামো প্রণয়নে দেশে মূল্যস্ফীতি, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়সহ অন্যান্য সামাজিক সূচক গুরুত্ব পাবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সময়োপযোগী একটি কাঠামো তৈরির মাধ্যমে ভবিষ্যৎ সরকারের জন্য নির্দেশনা দেওয়া হবে।
বর্তমানে সরকারি কর্মচারীরা অষ্টম বেতনকাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন, যা ২০১৫ সালের ১ জুলাই কার্যকর হয়। এর আগে সপ্তম বেতন কাঠামো ২০০৯ সালে কার্যকর হয়েছিল। এছাড়াও, ২০২৩ সালের ১ জুলাই থেকে ৫ শতাংশ প্রণোদনা প্রদানের মাধ্যমে মূল্যস্ফীতি ও বেতন গ্রেডের সীমা বিবেচনায় নেওয়া হয়েছে।
পে কমিশন ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত হয়, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে। কমিশনের মেয়াদ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা।
No Comment Yet