আবারও দেশে ভূমিকম্পের শঙ্কা, আন্তর্জাতিক আবহাওয়াবিদের সতর্কবার্তা

একদিনের ব্যবধানে একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সর্বশেষ মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। এর আগেও একই দিনের ভোরে আরেকটি ভূমিকম্প অনুভূত হওয়ায় পরিস্থিতি নিয়ে শঙ্কা আরও বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, যে ভূ-ফল্টে সর্বশেষ ভূমিকম্পটি হয়েছে সেটি অত্যন্ত সক্রিয়। এ কারণে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আফটারশক বা পরবর্তী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এই সতর্কবার্তা দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।

ফেসবুক পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৬৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এটি সেই একই ফল্ট লাইনে ঘটেছে, যেখানে ২০২৪ সালে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ফল্টটি সক্রিয় থাকায় স্বল্প সময়ের মধ্যেই আফটারশকের সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, রাতের এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজার শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে। কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থানের কারণে বাংলাদেশে ভূকম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।

এদিকে, একই ঘটনার ধারাবাহিকতায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ মিনিট পর মিয়ানমারে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়।

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

এর আগে মঙ্গলবার ভোরেও বাংলাদেশে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূতাত্ত্বিকভাবে এটি মৃদু ভূমিকম্প হিসেবে বিবেচিত। ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। এর ভৌগোলিক অবস্থান ছিল ২২ দশমিক ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

পরপর ভূমিকম্পের ঘটনায় বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং প্রয়োজন ছাড়া আতঙ্কিত না হয়ে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন।

0%
0%
No Comment Yet