অনৈতিক ও অবৈধ কৌশলে ভোটের ফল প্রভাবিত করার ষড়যন্ত্র হচ্ছে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনৈতিক ও অবৈধ কৌশলে ভোটের ফল প্রভাবিত করার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন জয়ের চেষ্টা স্বাভাবিক হলেও তা অবশ্যই নৈতিকতা ও আইনের মধ্যে থেকেই হতে হবে। অন্যায়ভাবে জয়লাভ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ বুধবার গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন মহল থেকে অনৈতিকভাবে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার অভিযোগ ও ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। নির্বাচনে জেতার চেষ্টা সবাই করবে এটা স্বাভাবিক। তবে নৈতিকতা ছাড়া যেকোনও কৌশলে প্রতিপক্ষকে পরাজিত করার মানসিকতা গণতান্ত্রিক নয়।

তিনি বলেন, নিয়ম ও আইনের মধ্যে থেকে কারও ক্ষতি না করে প্রতিযোগিতায় জয়ী হওয়াই হওয়া উচিত আদর্শ পথ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশে নানা উপায়ে অনৈতিক, অযৌক্তিক ও অন্যায়ভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এসব বিষয়ে সাংবাদিকদের সতর্ক নজর রাখার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, এসব অনিয়ম কোনও দলের পক্ষে বা বিপক্ষে যাচ্ছে কিনা সেটি মুখ্য বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো দীর্ঘ সংগ্রাম ও বহু প্রাণের বিনিময়ে যে গণতান্ত্রিক সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন কোনও ব্যক্তি বা গোষ্ঠী অনৈতিকভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে।

জাল ভোট দেওয়ার পাশাপাশি ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করাকেও সমান অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন কৌশলে ভোটারদের ভোট দিতে না দেওয়া হয়, যা জাল ভোটের মতোই গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ভূমিকা কোনও রাজনৈতিক দলের পক্ষে নয়, বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে কোনও দলীয় সুবিধার আবেদন নয়, বরং বহু বছরের আন্দোলনের মাধ্যমে যে ধরনের গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করা হচ্ছে, সেটি নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

0%
0%
No Comment Yet