যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৫ মে ২০২৬ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশে নারী ক্রীড়ার মানোন্নয়ন, যুব সমাজকে দক্ষ করে তোলা এবং দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, ‘ক্রীড়া কূটনীতি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আমরা সম্প্রতি দেশব্যাপী ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম শুরু করেছি। এই কার্যক্রমের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের বাছাই করে উন্নত প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে পাঠানো হবে।’ 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্রীড়া ও যুব উন্নয়নের মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। তিনি বলেন, খেলাধুলা সমাজে বৈষম্য দূরীকরণে একটি শক্তিশালী হাতিয়ার। আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রি নির্মাণে কারিগরি সহায়তা প্রয়োজন। আমরা চাই ব্রিটিশ সরকারের কারিগরি সহযোগিতার মাধ্যমে আমাদের প্রশিক্ষক ও খেলোয়াড়রা আরও আধুনিক ও বিশ্বমানে নিজেদের পরিনত করার সুযোগ পাবে।

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

0%
0%
No Comment Yet