তীব্র গরমে যেসব রঙের পোশাকে আরাম পাবেন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৬ জুন ২০২৬ সময়: ১৩:২৫:২৫
দাবদাহের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। প্রখর রোদ ও অসহনীয় গরমে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে যেতে চাইছেন না। তবে দৈনন্দিন কাজ ও জীবিকার প্রয়োজনে সব বয়সের মানুষকেই ঘর থেকে বের হতে হচ্ছে। এ সময় অতিরিক্ত ঘামের পাশাপাশি সর্দি, কাশি, জ্বর এবং হিট স্ট্রোকের মতো নানা স্বাস্থ্যসমস্যাও বাড়ছে।
এমন পরিস্থিতিতে গরমের দিনে বাইরে বের হওয়ার সময় পোশাকের রং নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি শুধু ফ্যাশনের বিষয় নয়, বরং শরীরকে তুলনামূলক স্বস্তিতে রাখতেও ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, হালকা রঙের পোশাক সূর্যের তাপ কম শোষণ করে, ফলে গরমের অস্বস্তিও কিছুটা কম হয়। সাদা রঙের পাশাপাশি আরও কয়েকটি রং রয়েছে, যা গরমে আরামদায়ক অনুভূতি দেওয়ার পাশাপাশি আপনাকে ফ্যাশনেবলও রাখতে পারে।
আকাশি
দিনের বেলায় অফিস, অনুষ্ঠান বা যেকোনো আনুষ্ঠানিক কাজে আকাশি রঙের পোশাক হতে পারে ভালো পছন্দ। এই রং দেখতে যেমন সতেজ লাগে, তেমনি গরমেও কিছুটা স্বস্তি এনে দেয়। উজ্জ্বল রোদের মধ্যেও এটি চোখে আরামদায়ক অনুভূতি তৈরি করে।
ধূসর রং
ধূসর এমন একটি রং, যা সব মৌসুমেই মানিয়ে যায়। এর মার্জিত ও পরিমিত সৌন্দর্য যেকোনো পোশাকে আলাদা আবেদন যোগ করে। শাড়ি, সালোয়ার-কামিজ কিংবা ফরমাল পোশাক—সব ক্ষেত্রেই ধূসর রং একটি পরিশীলিত লুক তৈরি করতে পারে।
বিজ্ঞাপন
Anjara World Shop
বেজ রং
বেজ রং বর্তমানে ফ্যাশনপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়। হালকা ও কোমল এই রং গরমের দিনের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। সাদা ও ধূসরের মাঝামাঝি টোনের হওয়ায় এটি সহজেই অন্যান্য রঙের সঙ্গে মানিয়ে যায়। অফিস, প্রেজেন্টেশন কিংবা বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানে বেজ রঙের পোশাক হতে পারে দারুণ একটি নির্বাচন।
প্যাস্টেল শেড
মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, বেবি পিঙ্ক, পেল ইয়েলো, মভসহ বিভিন্ন প্যাস্টেল শেড গরমের মৌসুমে বেশ জনপ্রিয়। এসব কোমল রং দেখতে আকর্ষণীয় এবং স্টাইলিশ লুক তৈরি করতে সাহায্য করে। গরমের দিনে আরাম ও ফ্যাশনের সমন্বয় চাইলে প্যাস্টেল রঙের পোশাক হতে পারে আদর্শ পছন্দ।
গরমের এই সময়ে পোশাকের রং নির্বাচনেও সচেতনতা জরুরি। সঠিক রং বেছে নিলে একদিকে যেমন স্বস্তি পাওয়া যায়, অন্যদিকে ব্যক্তিগত স্টাইলও আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
No Comment Yet