ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর একটি সামরিক ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামরিক ঘাঁটির এক মুখপাত্র এএফপিকে জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল প্রায় ১০টায় (গ্রিনিচ মান সময় ১৭০০) মেরিন কোর এয়ার স্টেশন মিরামার-এর আশপাশে যুক্তরাষ্ট্রের মেরিন কোরের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়।

তিনি বলেন,  ‘ওই বিমানের পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে।’

পরে সামরিক ঘাঁটির এক বিবৃতিতে জানানো হয়, পাইলটকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা  হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি প্রাণঘাতী নয় এমন আঘাত পেয়েছেন। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত দমকলকর্মীরা পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

এমসিএএস মিরামার বিশ্বজুড়ে মার্কিন নৌবাহিনীর অভিজাত পাইলটদের জন্য নির্মিত 'টপ গান' স্কুলের একসময়ের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। দক্ষ যুদ্ধবিমান চালকদের এই প্রশিক্ষণ কেন্দ্রটি ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’ চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে।

0%
0%
No Comment Yet