হাটহাজারীতে সড়কে উচ্ছেদ অভিযান, ৬ মামলায় সাড়ে ৪৬ হাজার টাকা জরিমানা

যানজট নিরসন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী সদরে বাসস্ট্যান্ড ও কাচারি সড়কে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এ অভিযানে ছয়টি মামলায় মোট ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে হাটহাজারী মডেল থানা পুলিশ ও হাটহাজারী পৌরসভার একটি দল সহযোগিতা করে।

অভিযানকালে বাসস্ট্যান্ড ও কাচারি সড়কে যানজট সৃষ্টিকারী প্রতিবন্ধকতা দূর করা এবং সড়কে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

এদিকে, বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ড্রেন নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। যাত্রী ওঠানামার জন্য পৌরসভা নির্ধারিত স্থান ব্যবহার এবং অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং না করার বিষয়ে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

একই সঙ্গে বাসস্ট্যান্ডের মোড়ে নিষেধাজ্ঞা দেওয়া স্থানে যানবাহন দাঁড় করানো এবং যাত্রী ওঠানামা না করানোর জন্য চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

হাটহাজারী বাসস্ট্যান্ড ও কাচারি সড়কের যানজট দীর্ঘদিন ধরে এলাকাবাসী, ব্যবসায়ী ও পথচারীদের ভোগান্তির কারণ। এ ধরনের অভিযান ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগে জনসাধারণের চলাচল সহজ হওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা। যানজট নিরসনে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী।

0%
0%
No Comment Yet