ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযানে ২৫ কোটি টাকার জাল জব্দ

মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে পরিচালিত অভিযানে ৩০ লাখ ৩১ হাজার ৬২০ মিটার অবৈধ জালসহ ৭৪টি অন্যান্য জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা।

সোমবার (১৯ অক্টোবর) নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা কুশিয়ারা’ বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর, লাহারহাট, বাবুগঞ্জ, চরমোনাই, শ্রীপুর ও পাতারহাট এলাকায় অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও জাল জব্দ করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল ধ্বংস করা হয়।

নৌবাহিনী জানায়, গত ৮ অক্টোবর থেকে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নৌবাহিনীর জাহাজ, বিভিন্ন কন্টিনজেন্ট ও দ্রুতগতির বোটের মাধ্যমে এসব অভিযান চলছে।

আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকাতেও সব প্রজাতির মাছ ধরা বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

0%
0%
No Comment Yet