নিরাপত্তা উদ্বেগে মালয়েশিয়ার সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধ ইসরায়েলি অ্যাপ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ সময়: ১০:৪৮:২৬
নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ইসরায়েলে তৈরি নেভিগেশন অ্যাপ ওয়েজ (Waze) ব্যবহারে সরকারি কর্মীদের নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্দেশনার পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর আনোয়ার ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়ে জানান। তিনি বলেন, ওয়েজ ব্যবহারের কারণে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখছে সরকার। তাঁর দাবি, অ্যাপটি ইসরায়েলের আইন দ্বারা পরিচালিত হতে বাধ্য।
আনোয়ার বলেন, মানুষের তথ্য ও পরিচয়ের নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা হবে না। তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
সরকারি সংস্থাগুলোর প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে মালয়েশিয়ার সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর জানান, সরকারি কর্মীদের ওয়েজ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাটি অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
বিকল্প হিসেবে মালয়েশিয়া হাইওয়ে কর্তৃপক্ষের তৈরি স্থানীয় মানচিত্রভিত্তিক অ্যাপ ‘তুজু’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ওয়েজ স্যাটেলাইট সংকেত ও চালকদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য ব্যবহার করে যানজটের হালনাগাদ পরিস্থিতি জানায়। ২০১৩ সালে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রায় ১০০ কোটি ডলারে অ্যাপটি অধিগ্রহণ করে।
No Comment Yet