আনোয়ারায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ সময়: ১১:০১:২৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
কয়েক দিনের আনন্দ-উৎসব শেষে দেবী দুর্গাকে বিদায় জানাতে গিয়ে ভক্তদের মধ্যে দেখা যায় আনন্দের পাশাপাশি বিষাদের আবহ।
আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে ধর্মীয় রীতি ও আনুষ্ঠানিকতা মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় ভক্তরা দেবী দুর্গার বিদায়লগ্নে প্রার্থনা করেন এবং আগামী বছর আবারও উৎসব ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপজেলার ১১টি ইউনিয়নে এবার ১১২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের দুর্গোৎসবের।
প্রতিমা বিসর্জন নিয়ে কাঞ্চন সুশীল বলেন, “আমরা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে প্রতিমা বিসর্জন দিয়েছি। দিনটি অনেক আনন্দের মধ্য দিয়ে কাটলেও প্রতিমা বিসর্জনের পর এখন খুব খারাপ লাগছে। দেবীকে বিদায় জানাতে কষ্ট হচ্ছে। বেঁচে থাকলে আগামী বছর আবারও এই উৎসব ফিরে পাব।”
বিজ্ঞাপন
Anjara World Shop
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা উপজেলা শাখার সদস্যসচিব রাহুল ধর বলেন, “সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আমাদের দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “নিরাপত্তার মধ্য দিয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে পুলিশের বিভিন্ন টিম ও সদস্যরা দায়িত্ব পালন করেছেন। আমিসহ পুলিশের সদস্যরা এখনো নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম অব্যাহত রেখেছি।”
No Comment Yet