সরকারি গাছ কেটে বাড়ি নির্মাণের অভিযোগ, ঘাটাইলে কাজ বন্ধ করল প্রশাসন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ সময়: ১৬:৩০:১০
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতী গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মালিকানাধীন রাস্তার পাশ থেকে পাঁচটি গাছ কেটে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ছোট জীবন ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
কেটে ফেলা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকার বেশি বলে জানা গেছে। গত ১৩ অক্টোবর এ ঘটনা ঘটে। গত সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঘাটাইল উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি গাছ কাটার ঘটনার সত্যতা পান বলে জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নন্দনগাতী গ্রামের রাস্তার পাশে থাকা এলজিইডির মালিকানাধীন আকাশমণি ও ইউক্যালিপটাস প্রজাতির পাঁচটি গাছ কেটে বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয়। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে গাছ কাটার জন্য কোনো অনুমোদন বা বৈধ কাগজপত্র ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, গাছ কাটার পর সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
নির্মাণশ্রমিক জহুরুল ইসলাম জানান, কেটে ফেলা গাছগুলো কাঠ ব্যবসায়ী নাসির উদ্দিনের কাছে বিক্রি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা রমজান আলী (৩০) বলেন, বাড়ি নির্মাণের কাজ শুরুর আগে গাছগুলো কেটে ফেলা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
অভিযোগের বিষয়ে বাড়ির মালিক ছোট জীবন ঘোষ “দৈনিক ঢাকা প্রতিদিন”কে বলেন,পাঁচটি গাছ ছিল। সেগুলো কেটে বিক্রি করে দিয়েছি। তিনি আরো বলেন,গাছ কেটে সরিয়ে নেওয়ার ব্যাপারে স্থানীয় একজন ইউপি সদস্য তাকে সহযোগিতা করেছেন। তবে গাছ কাটার বিষয়ে কোনো অনুমোদন নিয়েছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
No Comment Yet