পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ (বাসস): বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা।

শর্ত সাপেক্ষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছিল নিশাঙ্কাকে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই খেলতে পারবেন তিনি। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগে সুস্থ হয়ে উঠার সম্ভবনা নেই নিশাঙ্কার। এমনটাই জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

এক বিবৃতিতে এসএলসি জানায়, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবার শর্তে দলে রাখা হয়েছিল নিশাঙ্কাকে। কিন্তু সিরিজের আগে তার সুস্থ হয়ে উঠার সুযোগ নেই।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে চোটে পড়েন নিশাঙ্কা। ফলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি।

চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবার শর্তে দলে রাখা হয়েছিল নিশাঙ্কাকে। কিন্তু এই সিরিজেও খেলার জন্য ফিট হয়ে উঠতে পারেননি তিনি।

এর আগে গত আগস্টে কব্জির ইনজুরির কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যান নিশাঙ্কা।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

নিসাঙ্কার পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেওয়া হয়েছে আরেক ওপেনার লাহিরু উদারাকে। বর্তমানে ওয়ানডে দলের সাথে পাকিস্তানেই আছেন তিনি। ত্রিদেশীয় সিরিজেও নিশাঙ্কার বদলি হিসেবে উদারাকেই দলে নেওয়া হয়েছিল।

এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছেন উদারা। ১টি সেঞ্চুরিতে ৩১৩ রান করেছেন তিনি। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৮৮ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন উদারা।

রাওয়ালপিন্ডিতে ৯ নভেম্বর থেকে প্রথম টেস্ট এবং লাহোরে ১৭ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এই সিরিজ দিয়ে পথচলা শুরু হবে কুশল মেন্ডিসের।

পাকিস্তান-শ্রীলংকা টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। বর্তমানে পয়েন্ট টেবিলে শ্রীলংকা সপ্তম ও পাকিস্তান নবম স্থানে আছে।

0%
0%
No Comment Yet