‘আসামে আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’—রাহুলকে হিমন্তের হুঁশিয়ারি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ সময়: ১৬:২৭:৩৩
ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাহুলকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘অসমে আসুন, আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।’ অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন হিমন্ত।
রোববার (২ নভেম্বর) হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচিতে বক্তব্য দেন আসামের মুখ্যমন্ত্রী। এর আগে দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাহুল গান্ধীর কড়া বক্তব্যের পরই পাল্টা আক্রমণে নামেন হিমন্ত।
বক্তব্যে হিমন্ত বলেন, ‘বাংলাদেশিদের এখানে কোনো জায়গা নেই। রাহুলজি, বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে, তাহলে বাংলাদেশে যান। সেখানে গিয়ে নির্বাচন লড়ুন।’ এরপর রাহুলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি বরং আসামে আসুন। আমি আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।’
বাংলাদেশের প্রতি রাহুলের কথিত সহানুভূতির প্রসঙ্গ টেনে হিমন্ত আরও বলেন, আসামে এলে তিনি এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাহুলের জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করবেন।
কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন আসামের মুখ্যমন্ত্রী। তার দাবি, কংগ্রেস আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। হিমন্ত বলেন, ভারতে সরকার পরিবর্তন হয় জনগণের ভোটে। ভোটাররা ইলেকট্রনিক ভোটযন্ত্রের মাধ্যমে সরকার বদল করেন। কংগ্রেস শুধু ইলেকট্রনিক ভোটযন্ত্রেই নয়, ব্যালট পেপারেও পরাজিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিভিন্ন রাজ্যের বিধান পরিষদের সদস্য নির্বাচনের প্রসঙ্গও টানেন হিমন্ত।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
এর আগে রোববার দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করে বিরোধী জোট। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী। তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেন লোকসভার বিরোধী দলনেতা।
রাহুল বলেন, ‘আমরা অহিংসাবাদী। নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহ আমাদের শত্রু নন। কিন্তু মনে রাখতে হবে, যে-ই হোন না কেন, সংবিধানের চেয়ে বড় কেউ নন।’
রাহুলের বক্তব্যের পরই বিজেপির পক্ষ থেকে পাল্টা রাজনৈতিক আক্রমণ শুরু হয়।
No Comment Yet