মিশিগানে গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচন ঘিরে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ সময়: ১৬:২৮:৩০
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে দলীয় অবস্থান ভেঙে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য হ্যালি মারিয়া স্টিভেন্স। রোববার বামপন্থী প্রগতিশীল প্রার্থী আবদুল এল-সাইয়েদের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন তিনি ।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই দিন আগে ডেমোক্র্যাটদের মধ্যে দলীয় কোন্দলের এমন প্রকাশ রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেনস গত আগস্টে ডেমোক্র্যাটদের প্রাথমিক নির্বাচনে এল-সাইয়েদের কাছে পরাজিত হন। দলীয় নেতৃত্বের সমর্থন থাকা সত্ত্বেও তাকে ওই পরাজয় মেনে নিতে হয়। রোববার তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থনের ঘোষণা দেন।
সমর্থনের কারণ ব্যাখ্যা করে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, তা আমরা সবাই জানি। কিন্তু আবদুল স্পষ্ট করে দিয়েছেন, তার নির্বাচনী প্রচারে আমার কোনো জায়গা নেই।’
মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে ডেমোক্র্যাটরা। এ ক্ষেত্রে মিশিগানের সিনেট নির্বাচনকে গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখা হচ্ছে। এই অঙ্গরাজ্যে জয় পেলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ সহজ হতে পারে দলটির।
রোববার স্টিভেনসের এ ঘোষণা ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ বিভক্তিরই প্রতিফলন। গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে বামপন্থী প্রার্থীদের সঙ্গে প্রায়ই দলটির মূলধারার নেতৃত্বের মতবিরোধ দেখা যাচ্ছে।
জাতীয় পর্যায়ে ক্রমেই পরিচিতি পাওয়া প্রার্থী এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের জোটের কড়া সমালোচক। তিনি ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধেরও দাবি জানিয়েছেন।
রোববার স্টিভেনসের ঘোষণাকে গুরুত্ব দিতে রাজি হননি এল-সাইয়েদ।
তিনি বলেন, ‘দিন শেষে আমি আসলে হ্যালি স্টিভেনসকে নিয়ে ভাবি না। আমি ভাবি ওই দুজন ছাড়া বাকি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৮ জন মানুষকে নিয়ে।’
বিজ্ঞাপন
Shwapno Super Shop
স্টিভেনস ও রজার্সকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘কারণ, রাজনীতির চেয়ে নীতিগত বিষয়গুলো নিয়েই আমি বেশি আগ্রহী।’
স্টিভেনসের ঘোষণার পর ডেমোক্র্যাট শিবিরে দ্রুত তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমার তার এ পদক্ষেপকে ‘ঘৃণ্য বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেন।
অন্যদিকে, মিশিগান ডেমোক্র্যাটদের কৃষ্ণাঙ্গ ককাসের সভাপতি বলেন, স্টিভেনস নিজেকে এমন একজন সুবিধাবাদী হিসেবে প্রকাশ করেছেন, যিনি নিজের পথ হারিয়েছেন।
নির্বাচিত হলে এল-সাইয়েদ হবেন যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সদস্য।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে প্রায়ই তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। ট্রাম্প তাকে ‘জিহাদি’ বলে অভিহিত করেছেন এবং অভিযোগ করেছেন, তিনি যুক্তরাষ্ট্রে ইসলামি আইন চালু করতে চান।
স্টিভেনসের ঘোষণার পরপরই তার প্রশংসা করেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘হ্যালি এমন কথা বলেছেন, যা বলার সাহস খুব কম মানুষেরই আছে।’ এ পদক্ষেপকে তিনি ‘সাহসিকতা’ বলেও অভিহিত করেন।
No Comment Yet