মান্নাতের সামনে শাহরুখভক্তদের ঢল
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ সময়: ০৯:২১:৪৫
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন ‘মান্নাত’-এর সামনে জড়ো হন হাজারো ভক্ত। প্রিয় তারকাকে একনজর দেখার আশায় মধ্যরাত থেকেই সেখানে ভিড় করতে থাকেন তাঁরা। ভক্তদের এমন ভালোবাসা ও শুভেচ্ছায় আপ্লুত হয়ে বিশেষ বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরুখ।
সোমবার (২ নভেম্বর) ৬১ বছরে পা দিয়েছেন এই অভিনেতা। জন্মদিন উপলক্ষে মান্নাতের সামনে টাঙানো হয় বিভিন্ন পোস্টার ও ব্যানার। এর একটিতে ভক্তদের উদ্দেশে শাহরুখ লেখেন, ‘আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের কাছে ফিরিয়ে পাঠালাম। অনেক ভালোবাসা ও একগুচ্ছ আলিঙ্গন।’
শাহরুখের জন্মদিন ঘিরে আয়োজন শুধু মান্নাতের সামনেই সীমাবদ্ধ ছিল না। প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে আলোকসজ্জায় সাজানো হয় মুম্বাইয়ের সি লিংকও। ভারতের বিভিন্ন প্রান্তে ভক্তরা কেক কাটা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করেন। এদিকে মান্নাতের সামনে ভক্তদের ভিড় সামাল দিতে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।
এবারের জন্মদিনে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়েও ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল জায়ে’। এতে শাহরুখের সঙ্গে পর্দায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। রোমান্স ও অ্যাকশনের সমন্বয়ে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
মান্নাতের সামনে ভক্তদের হাতে থাকা পোস্টারগুলোতেও জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন সিনেমা নিয়ে নানা বার্তা দেখা যায়। কোনো পোস্টারে লেখা ছিল ‘হ্যাপি বার্থডে কিং’, আবার কোথাও ‘পৃথিবী কেবল একটিই নাম দিয়েছে কিং’। অন্য একটি পোস্টারে ছিল ‘কিং একাই যথেষ্ট’ বার্তা। সিনেমার সংলাপের আদলে তৈরি এসব পোস্টারে শাহরুখকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের প্রকাশ ঘটেছে।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয় করে কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেছেন শাহরুখ খান। ৬১ বছরে পা দিয়েও তাঁর প্রতি ভক্তদের ভালোবাসা ও উন্মাদনা যে অটুট রয়েছে, মান্নাতের সামনে হাজারো মানুষের উপস্থিতি তারই প্রমাণ।
No Comment Yet