তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ভোলা থেকে ঢাকায় ১০টি লঞ্চে লক্ষাধিক বিএনপি নেতাকর্মী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ সময়: ০৩:০৯:২৯
দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ভোলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুভেচ্ছা জানাতে ভোলা থেকে লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ঢাকায় অংশগ্রহণ করবেন। গত তিন দিন ধরে দলে দলে ঢাকায় যাচ্ছেন। ভোলা জেলার ৭ উপজেলা থেকে আজ বুধবার সন্ধ্যার ১০টি লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে ভোলা সদর উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। জেলার অন্যান্য ৭ উপজেলা থেকেও বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। আজ রাতে ১০ টি লঞ্চ ভোলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে নেতা কর্মীদের নিয়ে যাত্রা করবেন।
ঢাকায় যাওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে প্রস্তুতি সভা ও সাংগঠনিক কার্যক্রম চলছে। বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলও পৃথকভাবে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরণ করতে ভোলার মনপুরা ও চরফ্যাসন উপজেলার ১০ হাজারের বেশি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাকার পথে রওয়ানা করেছেন। বুধবার সকাল থেকে বাস ও লঞ্চ যোগে ঢাকার পথে রওয়ানা করেছেন নেতা-কর্মীরা।
এছাড়াও ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর উদ্যোগে মনপুরা ও চরফ্যাসন উপজেলার নেতা-কর্মীদের জন্য তিনটি লঞ্চ এর ব্যবস্থা করেছেন।
বুধবার বিকেল ৪টায় মনপুরা উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে রামেনওয়াজ ঘাট থেকে এমভি ফারহান-৮ ও চরফ্যাসন উপজেলার বেতুয়া ও ঘোষের হাট থেকে রাত ৯টায় নেতা-কর্মীদের এমভি জাকির সম্রাট-৪ ও এমভি শাহরুখ-২ লঞ্চ ঢাকায় যাবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
বিষয়টি নিশ্চিত করেন মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আবদুল মন্নান হাওলাদার।
তিনি জানান, ইতিহাসের অংশ হতে চরফ্যাসন ও মনপুরা উপজেলার ১০ হাজারের বেশি নেতা-কর্মীরা লঞ্চযোগে ঢাকার পথে। ভোলা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন ৩ টি লঞ্চ দেওয়ায় নেতা-কর্মীরা বেশ উৎফুল্ল।
মনপুরা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইকরাম কবির ও স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হোসেন হাওলাদার সহ একাধিক নেতা-কর্মীরা জানান, লিডার (তারেক রহমান) আসছে। নেতাকে বরণ করতে যেতে পেরে নেতা-কর্মীদের উৎসাহ বিরাজ করছে।
এদিকে অনেকে বরাদ্দকৃত লঞ্চে জায়গার সমস্যা হবে এমন ভেবে সকাল বেলায় নিজ উদ্যোগে হাতিয়ার ৪ নম্বর ঘাট হয়ে বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে। অনেকে আবার সীট্রাকে তজুমুদ্দিন হয়ে ঢাকার পথে রওয়ানা হয়ে গেছে।
No Comment Yet