নির্বাচনী ফান্ডরেইজিংয়ের অর্থের বিষয়ে যা জানালেন তাসনিম জারা

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পদত্যাগের পর তিনি নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় সংগৃহীত অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।

পদত্যাগের বিষয়টি জানিয়ে তাসনিম জারা এনসিপির দলীয় গ্রুপে দেওয়া এক বার্তায় বলেন, গত দেড় বছরে সহযোদ্ধাদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং সেজন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা জানান, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, এর আগে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় অনেকেই তাকে আর্থিক সহায়তা করেছেন। বর্তমান সিদ্ধান্তের প্রেক্ষিতে যারা ওই অর্থ ফেরত নিতে চান, তাদের প্রতি সম্মান জানিয়ে তিনি অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন। বিকাশের মাধ্যমে যারা অর্থ পাঠিয়েছেন, তাদের জন্য একটি নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণের আহ্বান জানানো হয়েছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের অর্থ ফেরত দেওয়া হবে বলে তিনি জানান। ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থ ফেরতের প্রক্রিয়াও শিগগিরই জানানো হবে বলে উল্লেখ করেন।

এ ছাড়া তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহ করতে হবে। এ লক্ষ্যে তিনি স্বেচ্ছাসেবী সহায়তা কামনা করেছেন।

তাসনিম জারা বলেন, কোনো দলের প্রার্থী না হওয়ায় দলীয় অবকাঠামো ও সংগঠিত সহায়তা তিনি পাবেন না। এ অবস্থায় সাধারণ মানুষের সমর্থনই তার একমাত্র ভরসা।

উল্লেখ্য, তাসনিম জারা খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দা। তিনি নিজেকে ওই এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে নির্বাচনে জনগণের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।

0%
0%
No Comment Yet