বর্বরোচিত হামলার প্রতিবাদে বিসিএস কৃষি অ্যাসোসিয়েশন তিন দিনের কর্মসূচি ঘোষণা

২০২৪ সালের আগস্ট মাসে রাজনৈতিক পরিবর্তনের পর দেশের অন্তবর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের খাদ্য নিরাপত্তা, কৃষকের স্বার্থ সংরক্ষণ ও আধুনিক কৃষি ব্যবস্থার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের কৃষি খাতকে প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে অধিদপ্তর।

বিগত এক বছরে ৮৮ লক্ষ ৫৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজ, চারা ও অন্যান্য সহায়তার মাধ্যমে ৮৯৩ কোটি ২০ লক্ষ টাকা প্রণোদনা প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে ধান, আলু, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আদা ও মরিচসহ বিভিন্ন শস্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তবে, গত ৫ নভেম্বর শেরপুরের নকলায় বিসিএস (কৃষি) কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সংঘটিত বর্বরোচিত হামলা কৃষি কর্মকর্তাদের নিরাপত্তা ও মর্যাদার ওপর গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে। মেহেদী দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে কৃষক উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ ও সরকারের কৃষিবান্ধব কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিন দফা দাবি জানিয়েছে,হামলার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতকারীর দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনা। মাঠপর্যায়ের সকল কৃষি কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

দাবি না মানা হলে অ্যাসোসিয়েশন তিন দিনের কর্মসূচি পালন করবে, ১১ নভেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তরে কলমবিরতি। ১২ নভেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কৃষি দপ্তরে অবস্থান কর্মসূচি। ১৩ নভেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কৃষি দপ্তরের সম্মুখে মানববন্ধন।

অ্যাসোসিয়েশন জানিয়েছে, সরকারের সক্রিয় উদ্যোগের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং সকল মাঠপর্যায়ের কর্মকর্তা নিরাপদে ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

0%
0%
No Comment Yet