মনোনয়ন বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন।

এরপর সেখান থেকে সরাসরি নিজের পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ও মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন মঈন খান। এরপর নিজ গ্রামের স্থানীয় মুরুব্বিদের কাছ থেকে দোয়া-আশীর্বাদ নিতে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন মঈন খান।

মঈন খান বলেন, ইনশাআল্লাহ যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করে তবে বাংলার রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ।

এ সময় মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

0%
0%
No Comment Yet