কাপাসিয়ায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, সরঞ্জাম জব্দ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬ সময়: ০৯:১৯:৪২
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিশা গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। অভিযানে কাপাসিয়া থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জালিশা গ্রামের ফসলি জমি ও লাল মাটির টিলা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে হুমকির মুখে পড়ছিল আবাদি জমি। আজকের অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি আটক করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বলেন,"প্রাকৃতিক ভারসাম্য, লাল মাটির টিলা ও ফসলি জমি রক্ষা করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। সরকারি নিয়ম অমান্য করে যারা মাটি উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
বিজ্ঞাপন
Anjara World Shop
উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা আশা করছেন, নিয়মিত নজরদারির মাধ্যমে এই পরিবেশ বিধ্বংসী কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হবে।
No Comment Yet