বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ও রুহের মাগফিরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনেরা তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন তাজুল ইসলাম শেখ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য ফারদিন ফেরদৌস, আজকের পত্রিকার আসাদুজ্জামান সাদ, জনকণ্ঠের মাজহারুল ইসলাম কাঞ্চন, জিয়াউদ্দিন আহমদ, খোরশেদ আলম, ডিনার রসুল ও মানিক সরকারসহ রাজনৈতিক ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী। জেল-জুলুম, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের মুখেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনই আজ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতির মূল ভিত্তি। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বাস্তবসম্মত রূপরেখা। বিএনপিই এ দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পুরো জীবন এ দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। দীর্ঘ ৪১ বছর তিনি বিএনপির নেতৃত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচারী শাসনের সময়ে তাকে ও তার পরিবারকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে, তবুও দেশের মাটি ও মানুষের প্রতি তার ভালোবাসা কখনো বিন্দুমাত্র কমেনি।

অনুষ্ঠানের শেষপর্বে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমীর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

0%
0%
No Comment Yet