সিরাজগঞ্জে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় এটিএসআই নিহত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ সময়: ২৩:৪০:৩১
সিরাজগঞ্জ, ১৬ জুন, ২০২৬, (বাসস): যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) নুরুল ইসলাম নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক তরিবুর রহমানও গুরুতর আহত হন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন এটিএসআই নুরুল ইসলাম।
এ সময় ঢাকা অভিমুখী একটি ট্রাক দ্রুতগতিতে এসে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু ট্রাকটি রং সাইড ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দায়িত্ব পালনরত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
বিজ্ঞাপন
Anjara World Shop
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক মোফাকখারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
No Comment Yet