২৯ বছর পর পিরোজপুর-১ আসনে নিজস্ব প্রার্থী পেল বিএনপি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ সময়: ২৩:৪৭:০১
পিরোজপুর-১ সংসদীয় আসনে দীর্ঘ ২৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজস্ব দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে গত বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে এই আসনে যুগপৎ আন্দোলনের শরিক দল জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে বার্ধক্যজনিত ও স্বাস্থ্যগত কারণে তিনি নির্বাচনে অংশ নিতে অনীহা প্রকাশ করেন। ফলে বিএনপি তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে দলীয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন প্রদান করে।
পিরোজপুর-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী দেওয়ার বিষয়টি স্থানীয় রাজনীতিতে বড় একটি ঘটনা। গত প্রায় তিন দশক ধরে এই আসনটি জোটের শরিকদের (প্রধানত জামায়াতে ইসলামী ও অন্যান্য শরিক) ছেড়ে দিয়েছিল বিএনপি। সর্বশেষ ১৯৯৬ সালের নির্বাচনের পর এই প্রথম দলটির নিজস্ব কোনো নেতা পিরোজপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet