আজকের রায় প্রমাণ করল ষড়যন্ত্র টেকসই নয়: মাহমুদুর রহমান মান্না
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ সময়: ০৩:৪৬:৩৫
নির্বাচন কমিশনে (ইসি) আপিলের মাধ্যমে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না। হলফনামায় অসঙ্গতির অভিযোগে গত ২ জানুয়ারি তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রার্থিতা পুনর্বহাল হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মান্না। তিনি বলেন, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল, তা শেষ পর্যন্ত সফল হয়নি। এ জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, শুরু থেকেই তার বিশ্বাস ছিল—এই ষড়যন্ত্র বেশিদিন টিকবে না।
তিনি আরও বলেন, এর আগেও তিনি বগুড়া থেকে নির্বাচন করেছেন এবং এবারও সেই এলাকার মানুষকে সঙ্গে নিয়েই লড়ছেন। কিন্তু তাকে প্রতিহত করতে যে কৌশল নেওয়া হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। পরিস্থিতির কারণে জেলা প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনে পাঠাতে বাধ্য হয়। না হলে মনোনয়ন বাতিলের মতো কোনো বাস্তব কারণ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র প্রসঙ্গে মান্না বলেন, অধিকার আদায়ের জন্য বহু ত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তার সঙ্গে এমন আচরণ মানানসই নয়। ক্ষমতার লোভে যদি গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়, তবে তা দুঃখজনক। তিনি বলেন, দল বা ব্যক্তি যত বড়ই হোক না কেন, গণতন্ত্রের স্বার্থে সবাইকে সমগ্রের অংশ হিসেবেই ভাবতে হবে। এই মানসিকতা ছাড়া গণতন্ত্র কার্যকর হতে পারে না।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
বিএনপির সমর্থন নিয়ে এক প্রশ্নের জবাবে মান্না জানান, এখনো বিএনপির ঘোষিত প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেননি। তবে যেহেতু তাকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছিল, সে ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করা স্বাভাবিক রাজনৈতিক শিষ্টাচার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
No Comment Yet