৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থকের পছন্দ বিএনপি, বলছে গবেষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উল্লেখযোগ্য অংশের সমর্থন এখন ঝুঁকছে বিএনপির দিকে। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) জানিয়েছে, আওয়ামী লীগ সমর্থকদের প্রায় ৪৮ শতাংশ আগামী নির্বাচনে বিএনপিকে সমর্থন করতে পারেন। বাকি ৫২ শতাংশ ভোটার অন্য প্রার্থীদের দিকে ঝুঁকতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘আনকাভারিং দ্য পাবলিক পালস’ শিরোনামে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ (বিইপিওএস)-এর সঙ্গে যৌথভাবে গবেষণাটি পরিচালনা করে সিআরএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শাহাবুল হক। বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের ভিজিটিং প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ। গবেষণার মূল তথ্য উপস্থাপন করেন সিআরএফ-এর স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর ও গবেষক জাকারিয়া পলাশ।

প্রতিবেদনটি মূলত ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মনোভাব, অগ্রাধিকার, নেতৃত্ব সম্পর্কে ধারণা এবং সামগ্রিক নির্বাচনি পরিবেশ বিশ্লেষণ করেছে। গবেষণার জন্য স্ট্রাটিফাইড র‌্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১১ হাজার ৩৮ জন ভোটার অংশ নেন।

গবেষণায় দেখা যায়, ৯০ শতাংশের বেশি ভোটার আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী। তবে প্রায় ৮ শতাংশ ভোটার এখনও অনিশ্চিত অথবা ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা করেননি। লিঙ্গ, বয়স, শিক্ষাগত যোগ্যতা বা শহর-গ্রামভেদে ভোটদানের আগ্রহে তেমন কোনো বড় পার্থক্য লক্ষ্য করা যায়নি।

ভোটারদের অগ্রাধিকারের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে দুর্নীতি ও সুশাসন। প্রায় ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার দুর্নীতিকে দেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। তুলনামূলকভাবে ধর্মীয় বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করেছেন ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার।

নেতৃত্বের ক্ষেত্রে ভোটাররা এমন ব্যক্তিদেরই বেশি পছন্দ করছেন, যারা জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেন এবং কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। ব্যক্তিগত ক্যারিশমার চেয়ে জনদরদি ও জবাবদিহিমূলক নেতৃত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

রাজনৈতিক তথ্য পাওয়ার উৎস হিসেবে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমকে সবচেয়ে প্রভাবশালী মাধ্যম হিসেবে দেখা হয়েছে। অধিকাংশ ভোটার একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করেন বলেও গবেষণায় উঠে এসেছে।

প্রতিবেদনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়েও ভোটারদের উদ্বেগের কথা তুলে ধরা হয়। নির্বাচন ব্যবস্থাপনার চেয়ে ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত হওয়া নিয়ে উদ্বেগ বেশি বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। ভয়ভীতি প্রদর্শন, জালিয়াতি ও ব্যালট দখলের আশঙ্কা সব রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেই রয়েছে।

গবেষণায় আরও দেখা যায়, ২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ভোট দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ ভোটার প্রার্থীকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন। প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার জানিয়েছেন, তারা প্রার্থী বা প্রার্থী এবং দল উভয় বিষয় বিবেচনা করেই ভোট দেবেন। এর মধ্যে ৩০ দশমিক ২ শতাংশ শুধু প্রার্থীকে গুরুত্ব দেন, আর ৩৩ দশমিক ২ শতাংশ প্রার্থী ও দল উভয়কেই সমানভাবে বিবেচনায় নেন।

0%
0%
No Comment Yet