পাগলা মসজিদের নিলামের গরুর টাকা পরিশোধ না করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০৮ মার্চ ২০২৬ সময়: ০৬:০৫:০৩
কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের গবাদিপশুর নিলামে গরু কিনে এক বছরেও টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জীবন মিয়া নিলামের ডাকে অংশ নিয়ে ৫৫ হাজার টাকায় গরু কিনে এক বছরেও টাকা পরিশোধ করেননি বলে জানা গেছে। তিনি কিশোরগঞ্জ পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বলে নিজেকে পরিচয় দেন।
মসজিদ কর্তৃপক্ষের দাবি, গরুটি ৫৫ হাজার টাকায় কেনার পর বারবার তাগাদা দেওয়া হলেও এখনও সেই টাকা পরিশোধ করেননি তিনি।
পাগলা মসজিদ প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে অংশ নিয়ে দানের একটি গরু ৫৫ হাজার টাকায় কিনে নেন জীবন। নিলামের নিয়ম অনুযায়ী, ক্রেতাকে তাৎক্ষণিকভাবে পুরো অর্থ পরিশোধ করার কথা থাকলেও সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো টাকা দেননি তিনি।
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, ওই নিলাম ডাকের গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজও টাকা পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এখানে চাকরি করি, তাই নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। কিছু বলতে গেলেই হুমকি-ধামকি দেওয়া হয়।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, বিষয়টি তার জানা নেই। কেউ তাকে জানায়নি। নিলামের গরু বাকিতে বিক্রি হওয়ার প্রশ্নই আসে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক জানান, ওই ওয়ার্ডে বিএনপির কোনো কমিটিই নেই। কেউ যদি দলের পদ ব্যবহার করে থাকে, সেটি হবে সম্পূর্ণ অবৈধ ও অসাংগঠনিক।
বিজ্ঞাপন
Anjara World Shop
ভুক্তভোগীদের দাবি, পাগলা মসজিদের নিলাম কার্যক্রমকে ঘিরে দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্রের সিন্ডিকেট সক্রিয় রয়েছে। পারস্পরিক যোগসাজশে নিজেদের মতো করে দানের গবাদিপশুসহ ও বিভিন্ন সামগ্রী কম দামে হাতিয়ে নিয়ে থাকে নিলাম সিন্ডিকেট চক্র। তাদের এমন দৌরাত্ম্যে অন্যান্য প্রকৃত ব্যবসায়ীরা ভয়ে নিলাম ডাকে অংশ নেওয়া থেকে বিরত থাকেন। এতে করে পাগলা মসজিদ আর্থিকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে পাগলা মসজিদের দানের গবাদিপশুসহ অন্যান্য মালামাল নিলামে বিক্রির সময় খবর সংগ্রহ করতে গিয়ে ওই নিলাম সিন্ডিকেট চক্রের প্রধান হোতা কথিত বিএনপি নেতা জীবন মিয়া ও তার বাহিনীর রোষানলে পড়ে হামলার শিকার হন গণমাধ্যমকর্মীরা। এ সময় হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু।
এ ঘটনায় আহত সাংবাদিক পিংকু বাদী হয়ে একই দিন জীবন মিয়াকে প্রধান আসামি এবং ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের আরও ৮-১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, ঘটনার দিন রাতেই মামলা দায়েরের পর ব্যাপক অভিযান চালিয়ে প্রধান হোতা জীবন মিয়া ও মনা নামে দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
No Comment Yet