রাজারহাটের চতুর্ভুজ শিব মন্দির ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ সময়: ০১:৩৯:৫৯
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে অবস্থিত চতুর্ভুজ শিব মন্দির একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। আনুমানিক চারশ’ বছরের পুরনো এই মন্দিরটি স্থানীয়দের কাছে ‘শিবের মঠ’ নামে সুপরিচিত। দীর্ঘকাল ধরে এটি ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
মন্দিরটির প্রধান বিগ্রহ দেবতা শিব। প্রাচীন স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দির একসময় ছিল এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। আজও এখানে নিয়মিত অষ্টপ্রহরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনা অনুষ্ঠিত হয়।
প্রতিবছর তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শিব মেলাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা এখানে সমবেত হন, সৃষ্টি হয় এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, মন্দিরটির সুনির্দিষ্ট নির্মাণকাল জানা না গেলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি এলাকার মানুষের স্মৃতিতে জড়িয়ে আছে।
স্থানীয় বাসিন্দা হোসেন আলী বলেন, “আমার বাপ-দাদা সবাই এই মন্দির দেখেছেন। কেউ বলতে পারে না এটি ঠিক কবে নির্মিত হয়েছিল। ছোটবেলায় শুনেছি, এক সময় ভূমিকম্পে মন্দিরের উপরের অংশ ভেঙে পড়ে। এরপর থেকেই মন্দিরটি এই অবস্থায় রয়েছে।”
বিজ্ঞাপন
Anjara World Shop
দর্শনার্থী সৌরভ চন্দ্র বলেন, “আমরা প্রায়ই এই মন্দিরটি ঘুরতে আসি। এটি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এলে মনে এক ধরনের প্রশান্তি অনুভব হয়।”
সময়ের আবর্তে মন্দিরটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও এর ঐতিহাসিক গুরুত্ব আজও অমলিন। ইতিহাসপ্রেমী ও স্থানীয় সচেতন মহলের মতে, যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হলে চতুর্ভুজ শিব মন্দির কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং কুড়িগ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে নতুনভাবে পরিচিতি লাভ করতে পারে।
No Comment Yet