পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্প ও খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও

পূর্ব ঘোষণা ছাড়াই জামালপুরের ইসলামপুর উপজেলায় পেট্রোল পাম্প ও খুচরা দোকানে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দোকানপাটে তালা লাগিয়ে ব্যবসায়ীরা উধাও হয়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহী, প্রাইভেটকার ও ট্রাক্টর চালকসহ সাধারণ মানুষ।

জানা গেছে, ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে সম্ভাব্য জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়েছে সারাদেশে। এই গুজবকে কেন্দ্র করে সংকট সৃষ্টি ও অধিক লাভের আশায় তেল মজুত করে ইসলামপুর উপজেলার বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ী ও ডিলাররা দোকান তালা দিয়ে উধাও হয়েছেন। অন্যদিকে ডিলাররা অভিযোগ করছেন, ডিপো থেকে চাহিদামতো জ্বালানি না পাওয়ায় তারাও সংকটে পড়েছেন।

শুক্রবার রাত ও শনিবার (৭ মার্চ) ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা এলাকায় উপজেলার একমাত্র ঝর্ণা ফিলিং স্টেশনসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খোলা বাজারের অধিকাংশ দোকান বন্ধ। ফলে তেল নিতে পাম্পে ভিড় করেছেন চালকরা। মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেলেও সংশ্লিষ্টরা তেল বিক্রি বন্ধ রাখায় অপেক্ষার পরও অনেকে তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

ঝর্ণা ফিলিং স্টেশনের পরিচালক আমিনুল ইসলাম বলেন, উপজেলায় এই স্টেশনের মাধ্যমে প্রায় ৬০ জন খুচরা বিক্রেতা তেল সংগ্রহ করেন।
এছাড়াও পৌর শহরের গুরুস্থান মোড়ে সওদাগর পেট্রোলিয়াম, মোশারফগঞ্জ বাজারে ফকির পেট্রোলিয়াম, ধর্মকুড়া বাজারে ঝর্ণা অয়েল মিল, গুঠাইল বাজারে জাহাঙ্গীর ট্রেডার্স ও বঙ্গবন্ধু মোড়ে মুন্নি ট্রেডার্সসহ উপজেলায় প্রায় ১০ জন ডিলার রয়েছেন। তারা সিরাজগঞ্জের ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করেন।

সওদাগর পেট্রোলিয়ামের ডিলার মিস্টার আলী বলেন, “যতটুকু জ্বালানি পাই, তা দিয়ে গ্রাহকের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। দোকান খোলার পর অল্প সময়েই তেল শেষ হয়ে যায়।”

বিজ্ঞাপন

Anjara World Shop

মুন্নি ট্রেডার্সের ডিলার আবুল কালাম বলেন, “প্রতিদিন যে পরিমাণ জ্বালানি প্রয়োজন, তার অর্ধেকও ডিপো থেকে পাচ্ছি না। তাই দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।”
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী পরিকল্পিতভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাকে তারা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

এ বিষয়ে সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

0%
0%
No Comment Yet