‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের প্রথম যাত্রীদের বরণ করে নিল রেল কর্তৃপক্ষ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ সময়: ১৬:৩২:৪১
কক্সবাজার, ২৭ অক্টোবর ২০২৬(বাসস): সাড়ে ৯ শতাধিক যাত্রী নিয়ে, রাজধানী ঢাকা থেকে প্রথমবারের মতো কক্সবাজারে পৌঁছেছে ‘মহানগর এক্সপ্রেস’।
আজ সকাল সাড়ে সাতটায় কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছে ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেন। এসময় ট্রেনে থাকা যাত্রীদের স্টেশন কর্তৃপক্ষ বরণ করে নেয়। প্রথম যাত্রায় ট্রেনে ৯৬৫ জন যাত্রী ছিলো। ট্রেনটি আজ সকাল ৯ টা ৫০ মিনিটে ৮২৪ জন যাত্রী নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের ঢাকা-কক্সবাজার বর্ধিত রুটে চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এসময় ট্রেনের টিকিট কালোবাজারি ও পাথর ছোড়ার মতো অপরাধ ঠেকাতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধের আহ্বান জানান রেলমন্ত্রী।
কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বাসসকে বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনটি গতকাল রাতে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে মধ্যবর্তী বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে আজ সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজার এসে পৌঁছে। কক্সবাজারে অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে ঢাকা-কক্সবাজার রুটে এই মহানগর এক্সপ্রেস চালু করা হলো।
বাংলাদেশ রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
ফিরতি পথে প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে মহানগর এক্সপ্রেস। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।
নতুন এ সেবার মাধ্যমে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।
No Comment Yet