আগেই বুঝেছি, ক্ষমতায় গেলে আপনারা সবকিছু ভুলে যাবেন: মঞ্জু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ সময়: ২২:২৫:১৮
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আজকে আমাদের ১১টি অধ্যাদেশ, যেগুলো মৌলিক সংস্কারের ছিল, সেগুলো তারা বাদ দিয়েছে। আমরা আগে থেকে বুঝতে পেরেছি, ক্ষমতায় গেলে আপনারা সবকিছু ভুলে যাবেন। আপনারা ভুলে গেছেন গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছেন। আজকে আপনারা গণভোটকে প্রশ্নবিদ্ধ করেন।
শনিবার (৪ এপ্রিল) বিকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তিনি এসব কথা বলেন।
ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব সংসদে উত্থাপন করে প্রত্যাহারের নিন্দা, হামের প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ এবং জ্বালানি সংকট মোকাবেলায় অব্যবস্থাপনার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে ফেনী জেলা এবি পার্টি।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ভুলে গেছেন প্রেসিডেন্ট চুপ্পু সাহেব শেখ হাসিনা পলায়নের পর প্রথম অর্ডার দিয়েছিলেন খালেদা জিয়ার মুক্তি। তখন বৈধতা কোথায় ছিল? তখন সংবিধান কোথায় ছিল?
পেট্রল অব্যবস্থাপনার জন্য সরকারের নীতি নির্ধারকদের দায়ী করে তিনি বলেন, সরকার একদিকে বলছে সংকট নেই, অপরদিকে রেশনিং, অফিস ও মার্কেট খোলা রাখার সময় কমিয়ে তারা প্যানিক সৃষ্টি করছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি আদায়ে ঢাকার দিকে মার্চ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তিনি। মঞ্জু বলেন, অনেকে মনে করেন ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হলে অনেক বড় জায়গা দরকার। জেলা পর্যায়ের একটি মেডিকেল কলেজ করতে যতটুকু জায়গা দরকার, তার চাইতে অনেক বেশি জমি ফেনী সদর হাসপাতালের রয়েছে।
এবি পার্টির জেলা আহ্বায়ক আহসানউল্যাহ মাস্টারের সভাপতিত্বে এবং সদস্যসচিব ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদলসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
No Comment Yet