প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল: খুলনা বিএনপি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ১২ জুন ২০২৬ সময়: ১৫:১৯:৪৩
খুলনা, ১২ জুন, ২০২৬ (বাসস): জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘জনমুখী, বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল’ অ্যাখ্যা দিয়ে একে স্বাগত জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দলটির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
বিশেষ করে রপ্তানিমুখী শিল্প, তৈরি পোশাক খাত এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ও উৎসে কর হ্রাস করার যে প্রস্তাব করা হয়েছে, তা দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে।
এ ছাড়া ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় বৃহৎ বরাদ্দ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসরে গ্র্যাচুইটির প্রস্তাবনা এই সরকারের গণমুখী ও সামাজিক সুরক্ষামূলক দৃষ্টিভঙ্গির স্পষ্ট বহিঃপ্রকাশ।
বিজ্ঞাপন
Anjara World Shop
খুলনা অঞ্চলের সার্বিক উন্নয়নে বাজেটের প্রতিফলন আশা করে নেতৃবৃন্দ বলেন, এই জনবান্ধব বাজেটের সফল বাস্তবায়ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সমগ্র দেশের তৃণমূল মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে।
বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সাধারণ মানুষের করের বোঝা লাঘব করার যে আন্তরিক প্রয়াস বাজেটে দেখা গেছে, তা অতীতে নজিরবিহীন ছিল।
বিবৃতিদাতারা আশা প্রকাশ করেন, এই সুপরিকল্পিত বাজেটের মাধ্যমে বাংলাদেশ নতুন করে জিডিপির কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে এবং দেশের সামষ্টিক অর্থনীতি আবার শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।
No Comment Yet