সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০৪ মে ২০২৬ সময়: ১১:১০:৫৪
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ট্রাক ও নির্মাণ শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।
রবিবার ভোর সোয়া ৬টার দিকে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে, যাদের অধিকাংশেরই বাড়ি সুনামগঞ্জ জেলায়। এই ঘটনায় আরও অন্তত ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার ভোরে সিলেট নগরী থেকে একটি ডিআই পিকআপে করে প্রায় ১৫-১৬ জন নির্মাণ শ্রমিক কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পিকআপটি দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক (ঢাকা-সিলেট অভিমুখ) থেকে আসা চট্টগ্রাম মেট্রো-ট-১১-১১০৫ নম্বরের একটি কাঠবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ জন শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও ৪ জনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ এখন পর্যন্ত নিহত ৮ জনের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে তারা হলেন, মো. সুরুজ আলী (৬০) দিরাই, মোছা. মুন্নি (৩৫), মো. ফরিদুল (৩৫) নুরনগর, দিরাই, মো. বদরুল (৩০) জালালাবাদ, সিলেট।
বিজ্ঞাপন
Anjara World Shop
অন্য চারজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। অন্যদিকে, আহতদের মধ্যে সুনামগঞ্জের ধর্মপাশা ও দিরাই, হবিগঞ্জের চুনারুঘাট এবং সিলেটের কোম্পানীগঞ্জ ও আম্বরখানা এলাকার বাসিন্দা রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভোরবেলা কুয়াশা বা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই দুই গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
No Comment Yet