পরিবেশ সংরক্ষণে নাগরিকদের ব্যক্তিগত সচেতনতার ওপর জোর দিয়েছেন গাজীপুরের ডিসি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ১৩ মে ২০২৬ সময়: ০৮:৫৫:৫৫
ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : পরিবেশ সংরক্ষণে নাগরিকদের ব্যক্তিগত সচেতনতার আহ্বান জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
পরিবেশের ওপর মানুষের নিষ্ঠুর আচরণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘সব ধর্মেই পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা কলকারখানায় ইটিপি ব্যবহার করছে না, অযথা গাড়ির হর্ন বাজাচ্ছেন কিংবা যেখানে-সেখানে ময়লা ফেলছেন, তারা মূলত মানুষরূপী চতুষ্পদ প্রাণী।’
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। পরিবেশ অধিদপ্তরের ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
বিজ্ঞাপন
Anjara World Shop
জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা কোনো তাত্ত্বিক কথা নয়, বরং এটি আমাদের অভ্যাসের প্রতিফলন। তিনি বলেন, ‘আমি যেখানেই যাই, আমার ব্যবহৃত টিস্যুগুলো পকেটে রেখে দিই এবং বাসায় ফেরার পর তা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি।’ তিনি বলেন, ‘শব্দ দূষণ রোধে আমি সবসময় ফোন সাইলেন্ট রাখি, যাতে অন্য কারও ব্যাঘাত না ঘটে।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা তুলে ধরেন। তারা বলেন, এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে। সংকট মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব জীবনযাপনের ওপর জোর দেন বক্তারা।
No Comment Yet