পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

ঢাকা, ১১ মে ২০২৬ (বাসস): পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, সম্প্রীতি রক্ষা এবং সুষম উন্নয়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

আজ সোমবার খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পার্বত্য চট্টগ্রামের জনগণের সার্বিক কল্যাণে কাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের মানুষ তিন পার্বত্য জেলাতেই বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচিত করেছে। জনআকাঙ্ক্ষা পূরণে শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, উৎপাদিত ফল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সাজেক পর্যটনকেন্দ্রে যাতায়াত সুবিধা বাড়াতে সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

তিনি আরও বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি দুর্গম এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

চাষযোগ্য জমি কম হওয়ায় দারিদ্র্য বিমোচনে কৃষি ও অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

0%
0%
No Comment Yet