এপর্যন্ত ৫৭,৫২৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ১৫ মে ২০২৬ সময়: ২১:১৯:১১
ঢাকা, ১৫ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ থেকে এপর্যন্ত মোট ১৪৮টি ফ্লাইটের মাধ্যমে ৫৭,৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করে।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত স্বাভাবিক কারণে ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এর মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা যান।
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত ২৮,৬৬৯ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬,৪৩০ জন সেবা পেয়েছেন।
লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের মধ্যে ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
মোট হজযাত্রীর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন বলে হজ অফিস সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
এয়ারলাইনভিত্তিক তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৮,৮৩৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২০,২৩৬ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮,৪৫৬ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাকি ২০,৮৫২ জন যাত্রী ধাপে ধাপে নির্ধারিত ফ্লাইটে পৌঁছবেন বলে জানানো হয়েছে।
এ বছর ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (ইএ৩০০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান এটি উদ্বোধন করেন।
No Comment Yet