গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ, ২৪ মে ২০২৬ (বাসস):  জেলার কাশিয়ানীতে ফুফুর বাড়িতে বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজিদ মোল্লা (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জঙ্গলমুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজিদ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কংশুর গ্রামের সোহেল মোল্লার পুত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজিদ কয়েকদিন আগে তার ফুফু বাড়ি জঙ্গলমুকুন্দপুর গ্রামে বেড়াতে আসে। শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের মধুমতি নদীতে সে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজিদের ফুফাতো বোন সুমি বেগম বলেন, নদীর পাড়ে থাকা শিশুদের চিৎকার শুনে আমরা ছুটে যাই। তখন আর তাকে দেখা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

Anjara World Shop

ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোহাম্মদ রেজাউল মাওলা জানান, সন্ধ্যার পর ডুবুরি নামানোর সুযোগ না থাকায় স্থানীয় যুবকদের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালানো হয়। পানির নিচে বালুর বস্তার সঙ্গে আটকে থাকা অবস্থায় সাজিদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0%
0%
No Comment Yet