প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ পরিচ্ছন্নতাকর্মী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ২৫ মে ২০২৬ সময়: ১৭:০০:৩৪
কুমিল্লায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মাস্টাররোল স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে কুসিকের ৮৩২ জন কর্মীর হাতে মোট ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি কর্মীদের হাতে ঈদ উপহারের অর্থ তুলে দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদুল আজহার সময় নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে কুসিক কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও কুসিক ৮ ঘণ্টার মধ্যেই সেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
ইউসুফ মোল্লা টিপু নগরবাসীর প্রতিও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে শুধু সিটি করপোরেশনের কর্মীদের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্ধারিত স্থানে কুরবানির বর্জ্য রাখলে দ্রুত অপসারণ কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।
ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরাও। পরিচ্ছন্নতাকর্মী আবুল হাসান বলেন, অতীতে তারা এমন ঈদ উপহার পাননি। তবে বর্তমান প্রশাসক দায়িত্ব নেওয়ার পর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়েছেন তারা। এজন্য প্রধানমন্ত্রী ও কুসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন চিশতীসহ কুসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
No Comment Yet