গোপনে চীন সফরে এফবিআই প্রধান, কিন্তু কেন?
প্রতিবেদক: ইমরান হোসেন
সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ সময়: ০০:২৯:২৮
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল গত সপ্তাহে আকস্মিকভাবে চীন সফর করেছেন। সেখানে তিনি ফেন্টানিল নিয়ে আলোচনাও করেন। সোমবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, প্যাটেল শুক্রবার বেইজিং পৌঁছান এবং প্রায় এক দিন অবস্থান করেন। শনিবার তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে। তবে কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।
এই সফরটি এমন সময় হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে দক্ষিণ কোরিয়ায় একটি আঞ্চলিক সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকের পর ট্রাম্প চীনা পণ্যের ওপর থেকে কিছু শুল্ক প্রত্যাহার করেন।
মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, চীন থেকে ফেন্টানিল এবং এর মূল উপাদান যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যা প্রতি বছর দেশটিতে হাজার হাজার মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে চীন এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে এবং বলেছে, তারা দেশীয়ভাবে অবৈধ রাসায়নিক উৎপাদকদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে।
মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানিলের বেশিরভাগই মেক্সিকো থেকে আসে, যেখানে মাদক চক্রগুলো চীন থেকে আমদানিকৃত রাসায়নিক উপাদান ব্যবহার করে এটি তৈরি করে।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
ডেটা অনুযায়ী, ফেন্টানিলের অধিকাংশ চালান দক্ষিণ সীমান্তের বৈধ প্রবেশপথ দিয়েই আসে, গোপন পথে নয়।
এদিকে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা থেকে ফেন্টানিল পাচারের অভিযোগ তুলে কিছু বেসামরিক জাহাজে বিমান হামলা চালিয়েছে। যদিও ডিইএ’র নথি বলছে, বিশ্বব্যাপী ফেন্টানিল বাণিজ্যে ভেনেজুয়েলার ভূমিকা খুবই নগণ্য।
বিশ্লেষকদের মতে, প্যাটেলের এই আকস্মিক সফর দুই দেশের মধ্যে মাদকবিরোধী সহযোগিতা পুনরুজ্জীবিত করার সম্ভাবনা তৈরি করতে পারে, যদিও রাজনৈতিক অবিশ্বাসের কারণে তা কতটা বাস্তবায়নযোগ্য হবে, তা এখনো অনিশ্চিত।
No Comment Yet