যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ সময়: ১৪:০৭:৪০
ঢাকা, ৪ জুন, ২০২৬ (বাসস) : যুবকল্যাণ তহবিল আইন, ২০১৬-এর ক্ষমতাবলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার।
এ বিষয়ে গত মঙ্গলবার (২ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-৩১ অধিশাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এই বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র সচিবসহ) বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
পদাধিকারবলে এই বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন অর্থ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবরা। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকও (গ্রেড-১) বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
পুনর্গঠিত এই বোর্ডে সাবেক সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সরকারের মনোনীত সদস্য করা হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
শিক্ষা ও গবেষণা খাত থেকে বোর্ডে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবুল-আল-মামুন এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা বেগম। এছাড়া বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আসনার জালাল খান রুমনকে সরকারের মনোনীত সদস্য করা হয়েছে।
যুবকল্যাণ তহবিল আইন, ২০১৬-এর ধারা ৫(২) অনুযায়ী, সরকারের মনোনীত এই সদস্যদের পদের মেয়াদ হবে দুই বছর।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাসুম আহমেদ।
No Comment Yet