এসএসসির শেষ পরীক্ষা দিতে না দেওয়ায় শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ সময়: ২২:৫৬:৩০
চট্টগ্রামে মারামারি মামলায় আটক হওয়ায় মো. এইদুল আলম নামে এক পরীক্ষার্থী এসএসসির ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। মঙ্গলবার বিকালে বাকলিয়া থানার বৌবাজার এলাকা থেকে এইদুলকে আটক করে পুলিশ।
তার পরিবারের অভিযোগ, পুলিশি পাহারায় হলেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে বারবার অনুরোধ করা হয়। তা অগ্রাহ্য করে বাকলিয়ার থানা পুলিশ। এইদুল আলম সিএন্ডবি কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। বুধবার তার একটি ব্যবহারিক পরীক্ষা ছিল। তবে থানায় আটক থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। এতে তার ১০ বছরের সাধনায় ছেদ পড়ল। শিক্ষার্থীর এই স্বপ্নভঙ্গের জন্য বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে দায়ী করেছে তার পরিবার।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বাকলিয়া থানার ১৭ নম্বর ওয়ার্ডের বৌবাজারে মজিদ সওদাগরের মসজিদ এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, একটি ভিডিও ফুটেজে এইদুলকে হাতুড়ি হাতে একটি ঘর ভাঙতে দেখা গেছে।
জমির মালিকানা দাবি করা দুইপক্ষের মধ্যে একপক্ষের সদস্য মো. আক্কাস বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
এইদুলের মা ববি আক্তার বলেন, ছেলের পরীক্ষার বিষয়টি ওসিকে বারবার জানানো হয়। পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে প্রয়োজনে দশ বছর জেল দেওয়ার কথাও বলি। তবুও ওসি কথা শোনেননি। শেষ দিনের একটিমাত্র পরীক্ষা দিতে না দেওয়ায় আমার ছেলের দশ বছরের স্বপ্নের অপমৃত্যু ঘটেছে। এর দায় ওসি কখনো এড়াতে পারবেন না।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
No Comment Yet