তারেক রহমানকে স্বাগত জানাতে ময়মনসিংহ থেকে ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে, বাস যাবে ৪-৫ শ

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর নিজ মাতৃভূমিতে স্বপরিবারে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন স্মরণী রাখতে দলীয়ভাবে বর্নাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে ময়মনসিংহ জেলা ও মহানগর থেকে ঢাকায় যাচ্ছে ৪০ থেকে ৫০ হাজার নেতাকর্মী। এমন দাবি স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

ময়মনসিংহ জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

তবে ইতিমধ্যে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণে কোটি মানুষের সমাগম ঘটবে। এই প্রত্যাবর্তণ ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে। কোটি মানুষের প্রাণের উচ্ছ্বাস ঘটবে এ মিলনমেলায়। এটি দেশের কোটি কোটি মানুষের আবেগের স্থান। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে এই প্রত্যাবতর্ণ শুধু একজন মজলুম নেতার ঘরে ফেরা নয়, এটি একটি ইতিহাসের ঘরে ফেরা।

এ উপলক্ষ্যে ইতিমধ্যে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেন জানিয়েছে প্রিন্স। তিনি  আরও জানান, এ জেলার ১১টি সংসদীয় আসনের দলীয় প্রার্থী এবং মহানগর ও উত্তর এবং দক্ষিণ জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ৪০ থেকে ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। ট্রেন, বাস এবং প্রাইভেটকার এবং মাইক্রোযোগে এই যাত্রার সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এর মধ্যে শুধুমাত্র ময়মনসিংহ মহানগর এবং সদর আসন থেকে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে ৫০টি বাসসহ মাইক্রো-প্রাইভেট গাড়ীতে প্রায় ৭ থেকে ৮ হাজার নেতাকর্মী তারেক রহমানের বরণে অংশ নিবেন বলে জানিয়েছেন জেলা কৃষকদলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন। এছাড়াও মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে কৃষক দলের আরও প্রায় ৩ হাজার নেতাকর্মী অভ্যর্থণা অনুষ্ঠানে অংশ নিবেন বলেও জানান তিনি।  

ঢাকায় যাওয়া-আসার জন্য ইতিমধ্যে মোহনগঞ্জ এক্সপ্রেস এবং যমুনা এক্সপ্রেসের টিকিট সংগ্রহ করা হয়েছে জানিয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন বলেন, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ কারণে ভীড় এড়ানোর জন্য অনেক নেতাকর্মী আগেভাগেই ঢাকায় চলে গেছে। বাকিদের জন্য জেলা সদর ৬টি উপজেলা থেকে প্রায় অর্ধশতাধিক বাস এবং অন্যান্য যানবাহনে নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের আগমন পৃথিবীর ইতিহাসে নতুন নজির সৃষ্টি হবে। একজন নির্বাসিত মজলুম নেতার ঘরের ফেরার এমন নজির পৃথিবীর ইতিহাসে আর একটি নেই। এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত।  

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে প্রায় ৪ হাজার নেতাকর্মী তারেক রহমানের অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিবেন বলে জানিয়েছেন ধানের শীষের প্রার্থী এবং উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বিগত আন্দোলনে আয়না ঘরে নির্যাতনের শিকার এই বিএনপি নেতা বলেন, তারেক রহমানের এই আগমন হবে ঐতিহাসিক। এর আগে এমন নজির আর একটিও নেই। সেদিন দীর্ঘ ১৭ বছরের দুঃখ কাটিয়ে আবেগের উচ্ছাসে মেতে উঠবে কোটি মানুষ।

বিজ্ঞাপন

Anjara World Shop

দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের অফিস সহকারি মো. জুয়েল মিয়াও তারেক রহমানের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, বিগত সময়ে অনেকবার গ্রেপ্তার, নির্যাতন ও মারপিটের শিকার হয়েও শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের ভালোবাসায় এই পার্টি অফিসকে আগলে রাখার চেষ্টা করেছি। তার আগমনে আমি অনেক খুশি, নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা কীভাবে ঢাকায় যাবে, কখন যাবে। এনিয়ে দফায় দফায় বৈঠক করছে। আমি মনে করি- তারেক রহমানকে বরণ করতে ময়মনসিংহ থেকে কমপক্ষে ৫০ হাজার নেতাকর্মী যাবে ঢাকায়।  

জেলার ৬টি উপজেলা থেকে প্রায় ৪ হাজার নেতাকর্মী নিয়ে তারেক রহমানের অভ্যর্থণা অনুষ্ঠানে ছাত্রদল অংশ নিবে বলে জানিয়েছে দক্ষিণ জেলার সভাপতি আজিজুল হাকিম আজিজ এবং সাধারন সম্পাদক মো. রাকিব হোসেন। তারা বলেন, তারেক রহমানের আগমনে নেতাকর্মীরা উদ্বেলিত। সেদিন ঢাকার অলিগলি থেকে রাজপথ, সর্বত্রই হবে লোকে-লোকারণ্য। 

ঢাকা-ময়মনসিংহ রেলপথে নিয়মিত চলাচল করা ট্রেনগুলো ছাড়াও তারেক রহমানের আগমন উপলক্ষ্যে একটি স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ের স্টেশন মাস্টার মো: আব্দুল্লাহ আল হারুন। তিনি জানান, ইতিমধ্যে ১০টি বগি ও পাওয়ারকারসহ একটি স্পেশাল ট্রেন প্রস্তুত করা হয়েছে। আগামীকাল এটি ময়মনসিংহ থেকে জামালপুর পাঠিয়ে দেওয়া হবে। আগামী ২৫ ডিসেম্বর ভোর ৫টায় জামালপুর থেকে এ ট্রেনটি ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গন্তব্যে পৌঁছবে সকাল ৯টায়। যাওয়ার পথে সব স্টেশন থেকে নেতাকর্মীদের নিয়ে যাওয়া হবে। এরপর সেদিন সন্ধ্যা ৬টায় ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসবে।

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঘরে ফেরা উপলক্ষ্যে সারাদেশ ঢাকামুখী হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম। তিনি জানান, ২৫ ডিসেম্বর ময়মনসিংহ থেকে ৪ থেকে ৫ শত বাস যাবে ঢাকায়। এদিন সারাদেশ হবে ঢাকামুখী। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারন মানুষের ব্যাপক অংশগ্রহন থাকবে বলে আমি মনে করছি।

এবিষয়ে ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ২৫ ডিসেম্বর আগামীর বাংলাদেশের রাষ্ট্র নায়ক হিসাবে দেশে ফিরবেন তারেক রহমান। সেদিন দীর্ঘ ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতনের শিকার লক্ষ লক্ষ নেতাকর্মীর মিলনমেলা ঘটবে। এটি হবে ইতিহাসের অবিস্মরণীয় এক মজলুত নেতার স্বদেশ প্রত্যবর্তণ।

এদিকে তারেক রহমানকে স্বাগতম জানিয়ে ময়মনসিংহ মহানগরসহ জেলার প্রতিটি উপজেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। এসব মিছিলে অংশগ্রহন করেন বিপুল সংখ‍্যক নেতাকর্মী। 

0%
0%
No Comment Yet