ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের মরদেহ গাছে ঝোলানো অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬ সময়: ০৪:৪৮:৫৭
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের মরদেহ গাছে ঝুলিয়ে হত্যার মূল হোতা হিসেবে পরিচিত নিবিড় ইসলাম অনিককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ ডিসেম্বর বিকেলে ঢাকার বনানী এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী এলাকা থেকে তাকে আটক করা হয়। ৩১ ডিসেম্বর বুধবার তাকে ময়মনসিংহে আনা হয়েছে।
গ্রেপ্তার অনিক ত্রিশাল উপজেলার ধানীখোলার মধ্য ভাটিবাড়ী এলাকার মো. কালিমুল্লাহর ছেলে। তিনি ফেব্রুয়ারি থেকে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডে নিটিং অপারেটর হিসেবে কাজ করছিলেন। হত্যার পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, অনিক দিপুকে নির্মমভাবে হত্যা করে রশি দিয়ে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেছিলেন। এই ঘটনা স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
তদন্তে ব্যবহৃত ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি মৃত দিপুকে গাছের সঙ্গে রশি দিয়ে টেনে তুলছেন। প্রযুক্তিগত বিশ্লেষণ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
প্রসঙ্গত, দিপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে। তিনি পাইওনিয়ার নিটওয়্যারসে লিংকিং সেকশনে কাজ করতেন। ১৮ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে সহকর্মীর সঙ্গে কথা বলার সময় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে। পরে বিক্ষুব্ধ জনতা তাকে কারখানা থেকে বের করে পিটিয়ে হত্যা করে এবং মরদেহ মহাসড়কের ডিভাইডারের একটি গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেয়। পরদিন নিহতের ভাই অপু দাস ১.৫শ’ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। নিহত পরিবারের দাবি, হত্যাটি কারখানার ভেতরের ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।
No Comment Yet