খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ১৩ জুন ২০২৬ সময়: ১০:৫৯:৪৭
কক্সবাজার, ১২ জুন, ২০২৬ (বাসস) : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। খালের পানি ব্যবহার করে কৃষি কাজে সেচসুবিধা, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, খালের পাড়ে গাছ লাগানো ও খালে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।
আজ কক্সবাজারের পিএমখালীতে পাতালী-মাছুয়াখালী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতালী-মাছুয়াখালী খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। খালটি পুনঃখনন করা হলে এর দু’পাশে বসবাসরত জনগণকে কৃষি কাজে সেচ ব্যবস্থার পাশাপাশি বন্যায় জলবদ্ধতার হাত থেকে রক্ষা করা যাবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় খালের দু’পাশে বৃক্ষরোপণ করা হবে। খাল খনন কর্মসূচিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে তিনি জানান।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে আধুনিক কৃষির বিপ্লব করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষিতে নতুন বিপ্লব রচিত হবে। দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ৫৪ জেলায় খাল খনন করা হচ্ছে ।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet