ফের ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিয়েছে বিএসএফ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ১৩ জুন ২০২৬ সময়: ১২:৫০:৫৯
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সে অপচেষ্টা ব্যর্থ করা হয়েছে।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (১৩ জুন) ভোর ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২০ এমপি এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ ব্যক্তিকে নদীপথে নৌকা যোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে ২ পুরুষ, ৮ নারী এবং ৫ জন শিশু ছিল।
বিজিবি জানায়, এ সময় পুশইন করা ১৫ জন সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। পুশইন চেষ্টার বিষয়টি জানতে পেরে বিজিবি তাৎক্ষণিক বাধা দেয়। একপর্যায়ে বিজিবির বাধায় ১৫ ব্যক্তিকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
এর আগে শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা করা ১২ জনকে আটকে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
No Comment Yet