চট্টগ্রামের আলোচিত শিশুধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ সময়: ০৯:২৯:২০
চট্টগ্রাম, ১৭ জুন, ২০২৬ (বাসস): চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি মনির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। বিচার শুরু হওয়ার মাত্র আট কার্যদিবসের মধ্যে এবং মামলা দায়েরের ২৬ দিনের মাথায় রায় ঘোষণায় করা হয়।
গত ২১ মে নগরের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার দিনই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।
২২ মে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একই দিনে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাশাপাশি ভুক্তভোগী শিশুর জবানবন্দিও রেকর্ড করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
তদন্তকারী সংস্থা মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে ডিএনএ প্রতিবেদনসহ তদন্ত কার্যক্রম সম্পন্ন করে গত ৪ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
পরে ৯ জুন ট্রাইব্যুনালের বিচারক আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু করেন। ১০ জুন থেকে শুরু করে মাত্র তিন কার্যদিবসে বাদী, ভুক্তভোগী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। ১৬ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত ১৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। অভিযোগ গঠনের মাত্র ১০ দিনের মাথায় মামলার রায় ঘোষণা করা হয়।
No Comment Yet