রাজধানীতে ৬-৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা’
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ সময়: ১৬:২৮:৪৩
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ (বাসস) : আগামী ৬ ও ৭ নভেম্বর রাজধানীর মিরপুর-১৩-তে অবস্থিত পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই দিনব্যাপী ‘৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে।
আজ এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নয়ন সংগঠন ‘নাগরিক উদ্যোগ’ ও নগরীর ‘আদিবাসী সুহৃদদের’ যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন হবে ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায়। উদ্বোধন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান।
‘৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৬’-এর আয়োজক কমিটির সদস্য রেলী চাকমা এ বিষয়ে বলেন, বরাদ্দকৃত স্টলের মধ্যে আদিবাসী নারী উদ্যোক্তাদের প্রাধান্য রয়েছে। পার্বত্য অঞ্চলের পাশাপাশি সমতলের মান্দি, মণিপুরি, সাঁওতাল ও রাখাইন সম্প্রদায়ের অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই স্টল বুকিং দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে ভিন্নধর্মী এ উদ্যোগটি।
মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বর্তমানে বাঙালিদের কাছে জনপ্রিয় খাবার ‘মুংডি’ ও ‘আদিবাসীদের’ ঐতিহ্যবাহী বিভিন্ন জনপ্রিয় খাবার, যেমন—ব্যাম্বু শুট বা বাঁশ কোঁড়ল, কলাপাতায় রান্না করা বিভিন্ন পদের হেবাঙ ও পাজনসহ জুমিয়া সবজির মুখরোচক নানা খাবার।
মেলায় আরও থাকছে ‘লাকসো’, মণিপুরীদের বৈচিত্র্যময় খাবার ডাল দিয়ে তৈরি বিশেষ পদ ‘উতি’, বিন্নি চাল ও দুধ দিয়ে তৈরি ক্ষীর ‘সাঙ্গোম’, রাখাইন সম্প্রদায়ের প্রিয় খাবার কালো ও সাদা বিন্নি চালের তৈরি মুখরোচক নানা পদের পিঠা, বিভিন্ন জাতের চাল, পাহাড়ি মধু, জুমের শাকসবজি ও ফল, যেমন— পাহাড়ি কলা, পেঁপে, মধুপুরের আনারস, কাপ্তাই হ্রদের মাছ ও শুঁটকিসহ বৈচিত্র্যপূর্ণ নানা জাতের কৃষিপণ্য।
উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, ‘শহুরে নাগরিক জনগোষ্ঠীকে আদিবাসীদের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ জুম কৃষির বিভিন্ন শস্য ও ভিন্ন ভিন্ন স্বাদের খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ মেলার আয়োজন।’
বিজ্ঞাপন
Anjara World Shop
তিনি আরও বলেন, এ বছরসহ টানা পাঁচ বছর ধরে আদিবাসী খাদ্য ও শস্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাটি ইতোমধ্যেই রাজধানীবাসীর কাছে বেশ সমাদৃত হয়েছে।
মেলার অন্যতম আয়োজক মেইনথিন প্রমীলা জানান, আমাদের দেশে বহুত্ববাদী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ‘আদিবাসীদের বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস’।
তিনি বলেন, ‘এ বৈচিত্র্যপূর্ণ খাবারের সঙ্গে বাঙালি জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসের মেলবন্ধন ঘটানোর প্রয়াসেই আদিবাসী খাদ্য ও শস্য মেলার আয়োজন। পাশাপাশি আদিবাসীদের মধ্যে দীর্ঘকাল ধরে চর্চিত জৈব কৃষিপণ্য সম্পর্কেও নগরবাসীকে আরও বেশি পরিচিত করানো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’
আয়োজকরা জানান, মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতি সন্ধ্যায় আয়োজন করা হবে মনোজ্ঞ ‘আদিবাসী সাংস্কৃতিক সন্ধ্যা’। সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শকদের মাতাবেন বাংলাদেশি আইডল মং, পাহাড়ের জনপ্রিয় সংগীতশিল্পী বর্ষা চাকমা, বুলু তঞ্চঙ্গ্যা ও গারোদের উদীয়মান গায়ক মার্কুস চিসিম।
No Comment Yet