ময়মনসিংহে ১৩৩ শিশু শ্রম থেকে প্রত্যাহার হয়েছে : আহমাদ মাসুদ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ সময়: ১০:০০:৩১
ময়মনসিংহ, ২৯ জুন, ২০২৬, (বাসস): বিগত ২০২৫-২৬ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন সেক্টরের কারখানা ও প্রতিষ্ঠান হতে ১৯০ জন শিশুকে শ্রম হতে প্রত্যাহার করা হয়েছে।
এর মধ্যে ময়মনসিংহ জেলার কারখানা প্রতিষ্ঠান থেকে ১৩৩ জন শিশুকে শ্রম হতে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে শিশুর তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায় যে, এসব শিশুর অনেকেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে।
আজ সোমবার দুপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিগত বছরের শিশুশ্রম নিরসনে দাপ্তরিক কার্যক্রম উপস্থাপন করে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি-এ প্রতিপাদ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
সভায় সামাজিক দায়বদ্ধতা থেকে এসব শিশুর জন্য মানবিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ আরও বলেন, সরকারের বিভিন্ন সুবিধার আওতায় এসব শিশুর পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার পাশাপাশি কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির আওতায় এসব শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।
অন্যথায়, তারা কোনো না কোনোভাবে আবারও শ্রমে নিযুক্ত হবে। এ সময় তিনি শিশু শ্রমিকের পরিবারকে আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে, শিশুকে পড়াশোনায় ফিরিয়ে এনে শিক্ষার মাধ্যমে পুনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে দিবসটি উপলক্ষে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদিক্ষণ করে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
No Comment Yet